গোপালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাস বহুল মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসবের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। 

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস বিফিংকালে তিনি এসব মালামালসহ দুই মাদক কারবারির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের বিলাসবহুল মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে প্রথমে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালানো হয়। ওই লাগেজের ভেতর থেকে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার চালাচ্ছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।