শনিবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব

ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং রাজধানীর সমৃদ্ধ অতীত স্মরণে রাখার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আগামী শনিবার (২২ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী এ উৎসব শুরু হবে। আয়োজনের বিস্তারিত কর্মসূচি বুধবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ডিএসসিসি প্রশাসকের নির্দেশনায় গঠিত উপকমিটি ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করা ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সপ্তাহব্যাপী প্রদর্শনের জন্য নির্ধারণ করেছে। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, গীতিকার ও চিত্রগ্রাহকসহ বিশিষ্ট কুশলীকে সম্মাননা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ আগস্ট বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

চলচ্চিত্র উৎসবের সময়সূচি

২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আবদুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’।

২৩ আগস্ট বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।

২৪ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে।

২৫ আগস্ট বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ প্রদর্শিত হবে।

২৬ আগস্ট বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’ দেখানো হবে।

২৭ আগস্ট বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’ প্রদর্শিত হবে।

উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধূ বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।

উল্লেখ্য, ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ স্লোগানকে সামনে রেখে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বর্ষপূর্তি উপলক্ষে ডিএসসিসি কেবল চলচ্চিত্র উৎসবই নয়, সাইকেল র‍্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকাবাইচ ও নগর পরিচ্ছন্নতা অভিযানের মতো বর্ণাঢ্য নানা নাগরিক উদ্যোগ গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু) এবং মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।