পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামী মার্চ অথবা এপ্রিলের শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে। রমজান ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে এসএসসি পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছিলেন। সে অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছিল।
তবে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান শেষে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ কারণে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন আনার বিষয়টি সামনে এসেছে। তবে এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।
দীর্ঘদিন ধরেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার পক্ষে মত দিয়ে আসছেন শিক্ষাবিদরা। তাদের মতে, পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ে আয়োজন করা গেলে বিভিন্ন পাবলিক পরীক্ষার মধ্যে সমন্বয় করা সহজ হবে। পাশাপাশি এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যবর্তী দীর্ঘ সময়ের ব্যবধানও কমানো সম্ভব হবে।
একটি নির্দিষ্ট সময়ে পাবলিক পরীক্ষা আয়োজন করা হলে তা শিক্ষার্থীদের জন্যও ইতিবাচক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর থেকে সেই সূচি আর বজায় রাখা সম্ভব হয়নি। বরং বিভিন্ন কারণে পরীক্ষা ক্রমেই পিছিয়েছে। চলতি বছরও (২০২৬) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাইয়ে।
এ অবস্থায় আগামী বছরের পরীক্ষাগুলো এগিয়ে আনার উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। এর আগে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অংশীজনদের নিয়ে আয়োজিত সভায়ও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত আসে।
এরপর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে আয়োজনের পরিকল্পনা করা হয়। এখন রমজান ও ঈদুল ফিতরের সময় বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।