প্রিন্সেস ডায়েরিজ ৩

জুলি অ্যান্ড্রুজকে ফেরাতে জোর চেষ্টা

‘প্রিন্সেস ডায়েরিজ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে রানি ক্ল্যারিস রেনালডি চরিত্রে জুলি অ্যান্ড্রুজকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি ডি২৩ এক্সপোতে ‘ডিসনি লেজেন্ড’ সম্মাননা পাওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

৮৯ বছর বয়সী জুলি অ্যন্ড্রুজ আগে জানিয়েছিলেন, এই বয়সে নতুন কিস্তিতে তার ফেরা হয়তো সমীচীন হবে না। সে প্রসঙ্গে হ্যাথাওয়ে বলেন, ‘তার সিদ্ধান্ত আমরা শতভাগ সম্মান করি। বিনোদন জগতে তার অবদান অতুলনীয়।’ তবে অভিনেত্রী যোগ করেন, জুলি যদি শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, তবে তাকে সাদরে গ্রহণ করতে পুরো টিম প্রস্তুত রয়েছে। এর আগে বহু চেষ্টা সত্ত্বেও কিংবদন্তি এই অভিনেত্রীকে আবার আগের ভূমিকায় রাজি করানো সম্ভব হয়নি বলে জানান হ্যাথাওয়ে।