রণবীর কাপুর ও সাই পল্লবীর ‘রামায়ণ’-এর মুক্তির আগেই সংবাদের শিরোনামে অন্য এক রামায়ণ। ‘কাঁচা বাদাম’ গান দিয়ে ভাইরাল হওয়া অঞ্জলি অরোরা এবার পর্দায় রূপদান করছেন মাতাজী সীতার চরিত্রে। ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ নামের এই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন দেব শর্মা। অভিষেক সিং পরিচালিত ছবিটির ট্রেইলার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হতেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছে।
৯০ সেকেন্ডের এই ট্রেইলারে রাম-সীতার বিবাহ, বনবাস ও অপহরণের দৃশ্য দেখানো হলেও নিম্নমানের ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং কাস্টিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক। অনেকেই ছবিটির নির্মাণ নিয়ে বিদ্রƒপাত্মক মন্তব্য করছেন। এর আগে এক সাক্ষাৎকারে অঞ্জলি জানান, সাই পল্লবীর সঙ্গে তার অভিনয়ের তুলনা নিয়ে তিনি সচেতন এবং এটি নিয়ে তিনি ইতিবাচক। ‘লক আপ’ রিয়্যালিটি শো দিয়ে পরিচিতি পাওয়া অঞ্জলির বড় পর্দায় এটিই প্রথম কাজ। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিষেক সিংয়ের এই পৌরাণিক চলচ্চিত্রটি।