দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া গতকাল বুধবার প্রথমবারের মতো রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস করেছেন। তারা সকাল ৯টার দিকে অফিসে প্রবেশ করেন এবং সকাল ১০টায় দুদক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দুদক সচিব সাইদুর রহমান এবং মহাপরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদকের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করে।
নতুন কমিশন প্রথম দিনের দায়িত্ব পালন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, ‘আমরা সবেমাত্র কাজ শুরু করেছি। চেষ্টা থাকবে দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনার এবং দেশ থেকে দুর্নীতি দূর করার। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের সামনে এখন পর্যন্ত ফাইল আসেনি। আমরা ফাইল দেখি, তারপর আপনারা সব জানতে পারবেন। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যশা পূরণে কাজ করে যাব। আশা করছি, জনগণ হতাশ হবেন না।’
চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা আমাদের কাজ দিয়েই সেটা প্রমাণ করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।’
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত গত ১৭ আগস্ট এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৮ আগস্ট বেলা ২টার দিকে তারা মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন। আইনের বিধান অনুসারে তারা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যোগদানপত্র জমা দেন। যোগদানের পর তারা গতকাল সকালে দুদকে এসে অফিস করেন।