ভোলার মনপুরায় মাদরাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগের ছয়দিন পর মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এঘটনায় এজাহারভুক্ত আসামি মো. সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব।
নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে আইনগত ব্যবস্থা নিতে সুমনকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। ১৩ আগস্ট শিশুটির মা বাদী হয়ে মনপুরা থানার মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার মো. সুমনকে (২৭) মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে পরিবারের কাজে বাড়ির পেছনে গেলে পাশের বাড়ির যুবক সুমন শিশুটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর শিশুটি বিষয়টি প্রথমে তার এক বান্ধবীকে জানায়। পরে বান্ধবীর কাছ থেকে বিষয়টি শিশুটির মা জানতে পারেন। স্থানীয় একজন নারী ইউপি সদস্যের পরামর্শে ঘটনার ছয়দিন পর ১৩ আগস্ট সন্ধ্যায় মনপুরা থানায় মামলা করেন তিনি। মামলার এজাহারে সুমনকে একমাত্র আসামি করা হয়েছে।
র্যাবের ভোলা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি সুমনকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।