ব্রাহ্মণবাড়িয়ায় রিং জাল জব্দ করে পোড়ানো হলো

ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ রিং জাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌর এলাকার টান বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ব্যবসায়িকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে টান বাজারের হাজি এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে ৪১ বস্তা অবৈধ রিং জাল উদ্ধার করা হয়। এসব জাল মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্রের জন্য ক্ষতিকর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। অভিযানের সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল প্রমুখ।