খাসি না পেয়ে বিয়ে ভাঙা সেই প্রবাসীর নতুন বিয়ে

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

খাবারে খাসি না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া শেষ পর্যন্ত বিয়ে করেছেন। এবার সেখানে বড় খাসির ‘খদর’ দিয়েই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কনের মামার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিয়ের খবর নিশ্চিত করেন জুনায়েদ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’

জানা গেছে, জুনায়েদের স্ত্রী জান্নাত আক্তার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে তার মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জুনায়েদের বাড়িও একই গ্রামে। নতুন বিয়েতে ৬ লাখ টাকা দেনমোহর ধরা হয়েছে।

এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে খাসি না থাকায় বিয়ে না করেই চলে যান জুনায়েদ। উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে জুনায়েদকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনে তিনি বিরূপ মন্তব্য করেন। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত স্থানে নেওয়া হয়।

একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বরপক্ষের জন্য খদরে খাবার দেওয়া হয়। তবে সেখানে খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। খাসি ছাড়া তিনি খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান।

কনের পক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন জুনায়েদ। শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা না করেই একা কনের বাড়ি থেকে ফিরে যান তিনি।

সেই ঘটনার দুই দিনের মধ্যেই এবার নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত