ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে হামলায় বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান, আহত ৩০

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান চলাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভিতরে এ ঘটনার ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিচার্জে মাদরাসার অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। শুরুর হামলায় কয়েক পুলিশ সদস্য আহত হয়। এ নিয়ে রাত পর্যন্ত উত্তেজনা ছিলো। দু'পক্ষের আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমনকে কেন্দ্র করে রাতে পুলিশ লাইন্সের ভিতরে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় উচ্চস্বরে গান বাজনা হওয়াতে মাদরাসার শিক্ষার্থীরা কমাতে বলে। এ নিয়ে পুলিশ ও মাদরাসা ছাত্রদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভিতরে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করে। পরে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা আলোচনায় বসেন। মাদরাসা ছাত্ররা পুলিশ লাইনে আর কখনো উচ্চস্বরে গান না বাজানো, ছাত্রদের উপর হামলাকারীদের বিচার দাবি করেন। 

এ সময় পুলিশ সুপার জানান, কেউ অতি উৎসাহী হয়ে কিছু করে থাকলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত