চট্টগ্রামের আনোয়ারায় ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকাসহ মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মনোয়ারা বেগম উপজেলার উত্তর হাজীগাঁও এলাকার বাসিন্দা ডাকাত মোহাম্মদ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মনোয়ারা বেগমের বসতঘর থেকে ৫১টি ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, নগদ টাকা ও ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।