ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণ’ দিচ্ছে বিসিবি

সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে ঢাকার ক্লাব ক্রিকেটে দ্বিতীয় বিভাগ লিগে অংশ না নেওয়া ১২ দলের ক্রিকেটারদের আর্থিক ‘ক্ষতিপূরণ’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ১৬০ ক্রিকেটারের মধ্যে প্রায় ৫০ লাখ টাকা ভাগ করে দেওয়া হবে। তবে সবার জন্য সমান অঙ্ক নয়। আগের মৌসুমের পারফরম্যান্স ও গ্রেড অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার থেকে সর্বনিম্ন ২৫ হাজার টাকা করে পাবেন ক্রিকেটাররা।

আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্বকালে ঢাকার ক্লাব ক্রিকেটের অধিকাংশ দল লিগ বয়কটের ডাক দেয়। এর ফলে বাকি ক্লাবগুলোকে নিয়ে লিগ আয়োজন করে সিসিডিএম। এতে ২০ দলের প্রথম বিভাগ লিগে অংশ নেয় ১২টি ক্লাব। ২৪ দলের দ্বিতীয় বিভাগ লিগে ১২টি দল অংশগ্রহণ করে। এই বিভাগের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী কামরু বলেন, ‘সর্বশেষ মৌসুমে দ্বিতীয় বিভাগের ১২টি দল অংশ নেয়নি। এখন আমরা আগামী মৌসুম নিয়ে পরিকল্পনা করছি। এজন্য বাড়তি আরেকটি লিগ করা সম্ভব নয়। তখন যারা খেলেনি, সেসব দলের ক্রিকেটারদের জন্য আমরা একটা টোকেন মানির ব্যবস্থা করছি। সাধারণত ক্রিকেট বোর্ডের তো এই অর্থ দেওয়ার কথা নয়। তবে যেহেতু তারা এমনিতেই এক বছর খেলতে পারেনি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে। এসব চিন্তা করে আমরা এই পরিকল্পনা করেছি।’ এ জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালের অনুমতিও নিয়েছে সিসিডিএম। কারা আর্থিক ‘ক্ষতিপূরণ’ পাবেন, সেসব যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন তারা। এই তালিকা প্রস্তুত হলে বোর্ডে আনুষ্ঠানিকভাবে পাস হবে।