দেশের বয়সভিত্তিক ক্রিকেটের খেলোয়াড়দের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে নতুন টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ের তিন দলকে নিয়ে মাঠে গড়াবে ৫০ ওভারের এই প্রতিযোগিতা।
২৮ আগস্ট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টটি। প্রতিযোগিতার সব ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিরতির পর মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। এরপর ধারাবাহিকভাবে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে ফাইনালে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপানির্ধারণী ম্যাচ।
বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের পাইপলাইনে থাকা খেলোয়াড়দের পরখ করতেই এই আয়োজনকে গুরুত্ব দিচ্ছে বিসিবি।