আড়াইহাজারে চার শিশুর মৃত্যুতে এমপি আজাদের শোক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে শোকবার্তায় এমপি নজরুল ইসলাম আজাদ চার শিশুর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন।

একই ঘটনায় শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবও।

এদিকে চার শিশুর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮) নামের চার শিশুর মৃত্যু হয়।