যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজ্যটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন এর।
এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি আলাস্কার অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশন বিমানটি পরিচালনা করছিল।
আলাস্কান কমান্ড জানিয়েছে, বিমানটি ছিল একটি বেসামরিক ঠিকাদারের পরিচালিত ফ্লাইট। এতে মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়।
কমান্ডের বিবৃতি অনুযায়ী, বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি বিমানবাহিনীর একটি রানওয়ে হিসেবে ব্যবহৃত হয়। সেখান থেকে কাছের লং-রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ রয়েছে।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।