জাবিতে ছাত্রী হলে রাত ১১টায় তালা লাগানোর সিদ্ধান্ত প্রত্যাহার 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের মূল ফটকে রাত ১১টায় তালা লাগানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের মুখে সিদ্ধান্তটি প্রত্যাহার করেছে হল প্রশাসন।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) জাহানারা ইমাম হল সংসদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১৯ আগস্ট হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রাত ১১টার পর মূল ফটকে তালা দেওয়া হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ছাত্রীরা হলের বাইরে যেতে পারবেন না। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হলে যার পরেই পত্যাহার করা হয় পূর্বের নেওয়া সিদ্ধান্তটি। 

বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলেও দীর্ঘদিন ধরে রাত ১০টার পর হল থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি অভিযোগ রয়েছে। সম্প্রতি ১৮ আগস্ট প্রীতিলতা হলের কক্ষে রাতে অতিথি থাকার ক্ষেত্রেও প্রাধ্যক্ষকে অবহিত করার নির্দেশও জারি করা হয়।

এ বিষয়ে প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী তমা বলেন, প্রীতিলতা হলে দীর্ঘদিন ধরে অযাচিত নিয়ম কানুন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।রাত সাড়ে ১০ টার  পর থেকে আর বের হতে দেওয়া হয়না।কোনো জরুরী প্রয়োজনেও না। অনেক সময় মেডিকেল ইমার্জেন্সিতেও প্রভোস্টের পারমিশন লাগবে, এম্বুলেন্স ছাড়া যাওয়া যাবে না এমন নিয়ম কানুন দেখায়।

দিন দিন এই নিয়মের বোঝা হল প্রশাসন বাড়াচ্ছে। যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। অন্য কোনো হলে এমন নেই। তাই এই নিয়মের দোহাই দেখিয়ে বা নিরাপত্তার দোহাই দেখিয়ে নারী শিক্ষার্থীদের আটকে রাখা বন্ধ করা হোক এটাই চাই। 

প্রীতিলতা হলের আরেক আবাসিক শিক্ষার্থী সুমাইয়া আরিফা বলেন, হলে প্রথম থেকেই রাত ১০ টার পরে বের হতে দেয় না। যেকোনো প্র‍য়োজনে বের হতে গেলে গেট এর মামারা বলে হল সুপারের পারমিশন নিয়ে আসতে। যত বড় সমস্যাই হোক হল সুপার পারমিশন দেয় না। বা পারমিশন দিলেও গড়িমসি করে ১ ঘন্টা দেরি করে। 

কিছুদিন আগে ৫৪ এর হাওয়া নামের একটি মেয়ের পেট ব্যথা ছিল, মেডিকেলে যাবে তখন সম্ভবত রাত ১১-১২ টা বাজে গেট এর মামা, হলের খালা তারপরে হল সুপার সবাই মিলে দের ঘন্টা বসায় রেখে তাররে বের হতে দিয়েছে। এতে ওর শরীর আরো খারাপ হয়ে গিয়েছে।

প্রতিটা হলেই সারারাত ঢোকা এবং বের হওয়া যায়। শুধু প্রীতিলতায়ই এমন করে। প্রোভোস্টকে বললে তিনি বলেন যে মেয়েদের নিরাপত্তায় তিনি কোনো কম্প্রমাইজ করবেন না। কিন্তু এতে নিরাপত্তার কোনো বিষয় না মূলত হলের মেয়েদের এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছে। রাত ১০টার পরে যেকোনো ইমার্জেন্সি থাকতেই পারে কিন্তু প্রীতিলতা থেকে বের হতেই দেয় না।

তবে এ বিষয়ে জানতে চাইলে প্রীতিলতা হলের প্রভোস্ট নাসরীন সুলতানা শিক্ষার্থীদের অভিযোগ  অস্বীকার করে  বলেন, আমাদের হলে এমন কোনো নিয়ম নেই যে রাত ১০টার পর কেউ বাইরে যেতে পারবে না। যার যখন প্রয়োজন হচ্ছে, সে রেজিস্ট্রি খাতায় নাম লিখে বের হচ্ছে।

এর আগে দুপুরে এসব সিদ্ধান্তের  তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও পিতৃতান্ত্রিক আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

তারা বলেন, নিরাপত্তার বাহানায় নারী শিক্ষার্থীদের স্বাধীনতা খর্ব না করে ক্যাম্পাসে ২৪ ঘণ্টা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দাবি না মানলে ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার—যেমন বহিরাগত প্রবেশ ঠেকানো, পর্যাপ্ত আলো ও সিসিটিভির ব্যবস্থা করা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব। কিন্তু মূল সমস্যার সমাধান না করে রাত ১১টায় গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের স্বাধীন চলাচল সংকুচিত করার মতো অন্যায্য পথ বেছে নেওয়া হচ্ছে।

একই সাথে এ সিদ্ধান্তের প্রতিবাদে ও বিতর্কিত সান্ধ্য আইন বাতিলের দাবিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ’।

শুক্রবার (২১ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তুর্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতারা অভিযোগ করেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সময় আন্দোলন দমনে প্রণীত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’-এর 'ন' ধারা অনুযায়ী শিক্ষার্থীদের স্বাধীন চলাচল সীমিত করা হয়েছিল।

ওই ধারায় রাত ১০টার মধ্যে নিজ নিজ হলে ফেরা এবং সকাল ৫টার আগে হল ত্যাগ না করার নিয়ম ছিল। বর্তমান প্রশাসনও সেই একই ‘নিয়ন্ত্রণমূলক ও পশ্চাৎমুখী মানসিকতা’ লালন করছে।

শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর দাবি, ২০১৮ সালের বিতর্কিত সান্ধ্য আইন পুরোপুরি বাতিল করে ক্যাম্পাসে সবার সমান চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।