শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির আহ্বান চবি প্রোভিসির 

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
একাডেমিক পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি স্পিকিং ও যোগাযোগ দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হতে হবে।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে শুক্রবার (২১ আগস্ট) ভোলা জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Bridging Academia and Career: Opportunities and Challenges’ শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ারবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হতে হবে। 
 
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের কথা উল্লেখ করে তিনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।
 
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ খালেদ আফজাল। সেমিনারের বিভিন্ন সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. নুর-ই-আলম ও প্রফেসর ড. আব্দুল করিম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এভিপি ও শাখা ব্যবস্থাপক জাবেদ হাবিব এবং বিশিষ্ট উদ্যোক্তা মাহবুবুর রহমান সেলিম।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, শুভেচ্ছা বক্তব্য ও নবনিযুক্ত উপ-উপাচার্যকে সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ড. মো. সফিকুল ইসলামকে ভোলা জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ রায়হানসহ নেতৃবৃন্দ।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত