মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল আব্রাহাম লিংকন

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে অংশ নেওয়া বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কাজ শেষ হয়েছে। প্রায় পাঁচ হাজার নাবিক ও ক্রু নিয়ে রণতরীটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে যাত্রা শুরু করেছে। ৯ মাস ধরে এটি সামরিক অভিযানে মোতায়েন ছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখতে এই রণতরীর স্থলাভিষিক্ত হয়েছে জাপানে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন।

আব্রাহাম লিংকনের মধ্যপ্রাচ্য ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গত রবিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে রণতরীটির বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। আব্রাহাম লিংকনের উদ্দেশে তিনি লেখেন, ‘শুভযাত্রা। শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাহাজটিতে নাবিকদের জীবনযাত্রার মান ও নানা সমস্যা নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। ইরানের হামলায় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি ধ্বংস হওয়ার পর সরবরাহব্যবস্থায় দেখা দেওয়া সংকটের কারণে এসব সমস্যা তৈরি হয় বলে জানানো হয়। ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র ছিল।

গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল আব্রাহাম লিংকন। এরপর ২৭২ দিনের মধ্যে মাত্র দুবার রণতরীটি সমুদ্রে অবস্থান থেকে বিরতি নিয়েছে।