কলকাতার হোটেলে আগুন: দেশে ফেরত এল ৬ মরদেহ

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ শনিবার (২২ আগস্ট) দেশে ফেরত আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন মরদেহ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) রাতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিন বাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে আনা হয়েছে। সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিক ও অন্য সকল প্রকারের সহযোগিতা প্রদান করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।