ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক এক হারের ধাক্কা সামলে ম্যাকাই টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে অজিরা। ঘরের মাঠে এমন প্রত্যাবর্তনের যেন দিতেই হতো কামিন্স-স্টার্কদের।
ব্যাটিংটা খাপছাড়া হলেও ম্যাকাইতে বোলিংয়ে অস্ট্রেলিয়ার বাজিমাত। ম্যাচ শেষে আর জয়ে ফিরতে মরিয়া অজিদের এই প্রত্যাবর্তনের পেছনের টার্নিং পয়েন্টগুলোর গল্পটা শোনালেন স্বাগতিকদের কাপ্তান প্যাট কামিন্স।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স স্বীকার করেন যে প্রথম টেস্টে সবকিছু তাদের বিপক্ষে গেলেও ম্যাকাইয়ে ভাগ্য ও পরিকল্পনা উভয় দিক থেকেই তারা সফল ছিলেন। তিনি বলেন, ‘গত দুই দিনে অনেক কিছুই আমাদের পক্ষে গেছে এবং গত সপ্তাহে অনেক কিছুই আমাদের বিপক্ষে গেছে। আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল এবং ছেলেদের জন্য দারুণ দুটি দিন গেছে। আমার মনে হয়েছে সবাই দারুণ প্রস্তুত ছিল। গত সপ্তাহে চিত্রটা ছিল পুরোপুরি উল্টো।’
ম্যাচের দ্রুত গতিপথ এবং পিচ নিয়ে কথা বলতে গিয়ে অজি অধিনায়ক জানান, খেলা দ্রুত শেষ হলেও উইকেট নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনি বলেন, ‘মনে হচ্ছিল খেলাটা দ্রুতগতিতে এগোচ্ছে। পিচটা বেশ ভালো ছিল। এটাকে ঠিক ৩০ উইকেটের, পাঁচ সেশনের টেস্ট ম্যাচের মতো মনে হচ্ছিল না, কিন্তু আজকালকার কয়েকটি টেস্ট ম্যাচ এভাবেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। মাঝে মাঝে বেশ ভালো বোলিং হয়েছে, আবার ব্যাটিংও ছিল গড়পড়তার নিচে।’
ম্যাচের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ওপর জোর দিয়ে কামিন্স আরও যোগ করেন, ‘আপনি যদি প্রথম এক-দুই ঘণ্টায় সত্যিই ভালো করতে পারেন, তাহলে সেটি ম্যাচের বাকি অংশের ভিত্তি তৈরি করে দিতে পারে। প্রতি ম্যাচেই যে ২০ রানে ৬ উইকেট বা এমন কিছু পাব, তা আশা করা যায় না। তবে শুরুটা দারুণ ছিল এবং এরপর আমরা আর ছন্দ হারাইনি।’
দলের জয়ে বড় ভূমিকা রাখা সতীর্থদের প্রশংসায় ভাসাতে ভোলেননি কামিন্স। ম্যাকাইয়ের প্রথম ইনিংসে ৬৭ রানের নান্দনিক ইনিংস খেলা ক্যামেরন গ্রিনকে নিয়ে তিনি বলেন, ‘ওর (গ্রিন) জন্য আমি সত্যিই খুব খুশি। গতকাল এবং আজ সকালেও ও আমাদের ইনিংসকে ধরে রেখেছিল। আশা করি, এই পারফরম্যান্স থেকে ও অনেক আত্মবিশ্বাস পাবে। আমরা জানি ও কতটা ভালো।’
আর দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করা মিচেল স্টার্কের অবদানের কথা স্মরণ করে অজি দলপতি জানান, স্টার্কের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়েই তারা জয় নিশ্চিত করেছেন।