আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ম্যাচটি ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ভারত। এরই মধ্যে কলকাতার সম্ভাব্য ভেন্যুও পরিদর্শন করে গেছে ব্রাজিলের প্রতিনিধিরা। এবার বাংলাদেশে আসছে দেশটির আরেকটি প্রতিনিধি দল। আজ (রবিবার) ঢাকায় এসে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বৈঠক করবে এবং জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে।
স্থানীয় সময় বেলা ৩০টা ৩০ মিনিটে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে ব্রাজিলের প্রতিনিধি দল। ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায় আসার খবরে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তাহলে কি ভারতের পর বাংলাদেশেও খেলতে আসতে পারে ব্রাজিল? এমন প্রশ্নও উঠেছে সমর্থকদের মধ্যে। তবে আপাতত সেই সম্ভাবনার কোনো ভিত্তি নেই বলেই জানিয়েছে বাফুফে।
ব্রাজিলের প্রতিনিধি দল কেন বাংলাদেশে আসছে জানতে চাইলে বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ব্রাজিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, এটা সত্য। তারা মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করতে আসছে। সেই সঙ্গে স্টেডিয়ামটাও পরিদর্শন করবে। তারা প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে। এরপর জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবে। বাংলাদেশের সঙ্গে কোনো খেলাধুলার বিষয়ে আপাতত আলোচনা হয়নি।’
প্রতিনিধি দলের সফর নিয়ে বাফুফের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কয়েকজন ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসব। সব বিষয়ে আলোচনা করব। এরপর কী সিদ্ধান্ত হয়, তা জানাতে পারব। আজ দুপুরে তারা বাফুফে ভবনে আসবেন, এরপর স্টেডিয়াম পরিদর্শনে যাবেন।’
অর্থাৎ ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকায় আসার সঙ্গে বাংলাদেশে ব্রাজিল জাতীয় দলের ম্যাচ খেলার বিষয়টি এখনই যুক্ত করা যাচ্ছে না। মূলত পারস্পরিক মতবিনিময় এবং স্টেডিয়াম পরিদর্শনই এই সফরের উদ্দেশ্য বলে বাফুফে জানিয়েছে। তবে বৈঠকে ভবিষ্যৎ কোনো সম্ভাবনা নিয়ে আলোচনা হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশে ব্রাজিলের বিপুল সমর্থক রয়েছে। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের পতাকা ও সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। তাই ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকায় আগমন স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এর আগে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
সেই সফরের বহু বছর পর এবার ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকায় আগমন। আপাতত এটি কেবল একটি প্রতিনিধিদলের সফর হলেও, ভবিষ্যতে দুই দেশের ফুটবল সম্পর্ক নতুন কোনো সম্ভাবনার দিকে এগোয় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।
ম্যাকাইতে বড় হারের পরও টেস্ট ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ