মণিরামপুরে সার্ভে ইনস্টিটিউটে ভর্তি বিষয়ে সুধীজনের মতবিনিময়

মনিরামপুরে যশোর সরকারি সার্ভে ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ আগস্ট) সকলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুধীজনের সঙ্গে সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ ড.এম.এম নজমুল হক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর মো. সোহরাব হোসেন যশোর সরকারি সার্ভে ইনস্টিটিউটে ২০২৬-২৭ সেশনে সার্ভেয়িং টেকনোলজি, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্টাল টেকনোলজি, জিওইনফরমেটিক্স টেকনোলজি, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং টেকনোলজি ও ক্যাডাস্ট্রাল টপোগ্রাফি সার্ভে এন্ড ল্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মোট ৫টি ট্রেডে ২৫০ জন শিক্ষার্থীর অনলাইনে ভর্তি প্রক্রিয়া এবং এর সুফল, সুযোগ-সুবিধাসহ নানাবিধ তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাজগঞ্জে অবস্থিত মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়, মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য হোসাইন নজরুল হক, উপজেলার নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছির উদ্দীন, কুয়াদা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াজেদ ও প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমুখ।