থাইল্যান্ডে ব্যাপক সহিংসতা, ৫০ স্থানে অগ্নিসংযোগ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানায়, ‘অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে’ ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। থাই সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সীমান্ত প্রদেশগুলোতে এসব অগ্নিসংযোগ করা হয়। বিবিসি বলছে, নারাথিওয়াত প্রদেশ থেকেই অধিকাংশ হামলার খবর পাওয়া গেছে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুজন নারী আহত হয়েছেন। বেশ কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং জনগণকে সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার জন্য সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত কোনো সংগঠন বা গোষ্ঠী এসব অগ্নিসংযোগের ঘটনার দায় স্বীকার করেনি।

২০০৪ সাল থেকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণ প্রদেশগুলোতে এক ধরনের সংঘাত বিরাজ করছে। সেখানে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিদ্রোহীরা লড়াই করছেন। এই সহিংসতায় এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিচ্ছে বারিসান রেভোলুসি নাসিওনাল।