কিউট-বিএসপিএ ক্রীড়া উৎসব

ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী কিউট-বিএসপিএ ক্রীড়া উৎসব। এ উপলক্ষে রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কার্নিভালের বিভিন্ন দিক তুলে ধরেন বিএসপিএর কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএর সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল। মঙ্গলবার দুপুর ১২টায় ‘হোম অব বিএসপিএ’তে আনুষ্ঠানিকভাবে কার্নিভালের উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। এবারের কার্নিভালে বিএসপিএর শতাধিক সদস্য অংশ নেবেন। মোট আটটি ডিসিপ্লিনের ১২টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এর মধ্যে রয়েছে আরচারি, ক্যারমের একক ও দ্বৈত, টেবিল টেনিসের একক ও দ্বৈত, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্সের ১০০ মিটার ও শটপুট, কার্ড গেমের কলব্রিজ ও টোয়েন্টি নাইন এবং শুটিং।