গণমাধ্যম নিয়ন্ত্রণ নয় স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করাই লক্ষ্য

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সবাই একসঙ্গে কাজ করব। গতকাল রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রণালয়ে গতকালই ছিল তার প্রথম কার্যদিবস। পরিচিত সভা শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৯টার দিকে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় মন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। বিগত ১৭ বছর আমাদের মূল লড়াই ছিল দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং আমরা কী কাজ করছি তা সঠিকভাবে তাদের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমরা সবাই এক হয়ে কাজ করব, যেন আমাদের কোনো সিদ্ধান্তের কারণে কারও প্রতি অন্যায় ও অবিচার না হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বক্তব্য রাখেন।