অন্যকে ফাঁসাতে সন্তানকে হত্যা: ১২ বছরের পর বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সী মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেন শরীফ আলী।

ঘটনার পর শরীফ আলীর স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। তদন্তে জানা যায়, স্থানীয় সালেক মিয়াকে হত্যাকাণ্ডের দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে শরীফ আলী নিজের মেয়েকে হত্যা করেছিলেন।

পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেন।

দীর্ঘ ১২ বছর ধরে মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।