চরফ্যাশনে কিন্ডারগার্টেনে চুরি, ১০ ফ্যানসহ মালামাল লুট

ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকায় আল আরাফাহ কিন্ডারগার্টেনে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৩ আগস্ট) রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের পেছনের গেট ভেঙে ভেতরে ঢুকে ১০টি বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা চুরির বিষয়টি দেখতে পান। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের দরজা, অধ্যক্ষের কক্ষের আলমারি ও ড্রয়ার ভাঙা এবং মালামাল ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা প্রতিটি শ্রেণিকক্ষ থেকে ফ্যান খুলে নিয়ে গেছে। পাশাপাশি অধ্যক্ষের কক্ষের আলমারি ও ড্রয়ার ভেঙে বিভিন্ন মালামাল তছনছ করা হয়েছে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা যাচাই করা হচ্ছে। 

বিদ্যালয়ের পরিচালক আ গনি মিয়া সিকদার জানান, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা, বাংলা, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, উপজেলা প্রশাসন ভবনের পেছনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যালয়ে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চুরি হওয়া ফ্যানের কারণে গরমের মধ্যে শিশুদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

তারা চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কয়েকটি ফ্যান ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ারও দাবি জানান তারা।