চট্টগ্রামে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার (২৩ আগস্ট) পরিচালিত বিশেষ অভিযানের ২৪ ঘণ্টার ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবার পাশাপাশি ২৪ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৫৭ লিটার মদ, ৮ বোতল স্কফ সিরাপ ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

অভিযানে গ্রেপ্তার ২৩৭ জনের মধ্যে ৮৫ জন মাদক ব্যবসায়ী, দুজন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন। এ ঘটনায় ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।