চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকেরা। চলমান অচলাবস্থা নিরসনে তারা চুয়েট থেকেই যেকোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।
দুই মাস ধরে সাবেক অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে অনড় থাকলেও এখন পিছু হটলেন তারা। এখন তাঁরা বলছেন, চুয়েটের যেকোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিলেই তাঁরা মেনে নেবেন।
বুধবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সমিতির নেতারা নতুন এই অবস্থানের কথা জানান।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ বলেন, ‘আমরা চাই, দ্রুত এই সংকটের সমাধান হোক। অচলাবস্থা নিরসনের জন্যই আমরা চুয়েটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। সরকার অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে দিতে পারে। তবে যাকেই দিক, চুয়েট থেকেই যেন দেয়, এটিই এখন আমাদের মূল দাবি।’
এর আগে ক্যাম্পাসের অচলাবস্থা কাটানোর দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে না মানার সিদ্ধান্ত নেন। সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তাকে ‘বয়কট’ ঘোষণা করেন তারা। এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অচলাবস্থার মধ্যে রয়েছেন। শিক্ষার্থীদের মতামত ও দাবি উপেক্ষা করে অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। তাকে অপসারণ করতে হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকবেন।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতিতে যান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। ওই সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।
টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ শেষে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হয়। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, একাডেমিক কার্যক্রম চললেও দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসনিক ভবনে লাগানো তালা এখনো না খোলায় বিভিন্ন প্রকল্পের অর্থছাড় ও যানবাহনের বিল পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে আছে।