চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালের মৃত্যুর ঘটনায় সেই রেকার চালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) রাতে নগরের ফ্রিপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।
এর আগে গত শনিবার সকালে পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত সড়কে একটি রেকারের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। তিনি অ্যাপভিত্তিক মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে সড়কে ছিটকে পড়ে যান। পরে একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাফিসার বাবা মামুন মিয়া বাদী হয়ে চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় মামলা দায়ের করেন। মামলায় টোয়িং ট্রাকের (রেকার) চালককে আসামি করা হয়। তবে ঘটনার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানায়, নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরের কাঠগড় এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তার বাবা মামুন মিয়ার একমাত্র মেয়ে ছিলেন তিনি। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল তার। গ্রেপ্তার শামীম বিশ্বাস ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের রেকারচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন তিনি।