সন্দ্বীপে ব্যবসায়ীকে গুলি

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে আকবর হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। ররিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরিশপুর ইউনিয়নের তুলাতলি মার্কেটে এ ঘটনা ঘটে। 

আহত আকবর হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আকবর হোসেন তুলাতলি মার্কেটের একজন ব্যবসায়ী। তার ছেলে শাহাদাতের ভাষ্য, রাতে দোকান বন্ধ করে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার বাবার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গুলি করা হয়। হামলাকারীরা তার বাবার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

শাহাদাতের দাবি, তার বাবার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। বাবার চিকিৎসার ব্যবস্থা করার পর এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি। 

তবে পুলিশের প্রাথমিক বক্তব্যের সঙ্গে পরিবারের অভিযোগের ভিন্নতা রয়েছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আকবর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ব্যবসায়ী আকবর হোসেনের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ও সেক্রেটারি আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তুলাতলিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ী আকবর হোসেনের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত