রাবিতে তায়কোয়ানডো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তায়কোয়ানডো ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

রোববার ও সোমবার (২৩ ও ২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেশিয়াম, পুরুষ জিমনেশিয়াম এবং পুরাতন শেখ রাসেল স্কুল মাঠসংলগ্ন পুকুরপাড়ে চারাগুলো রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম, ক্লাবের উপদেষ্টা ও শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম, ক্লাবের তায়কোয়ানডো বিশেষজ্ঞ উপদেষ্টা ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর কামরুজ্জামান চঞ্চল, রাকসুর ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস খাতুন, তায়কোয়ানডো ক্লাবের সভাপতি রাইয়া আমিন, সাধারণ সম্পাদক শাহিন আলীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে তায়কোয়ানডো ক্লাবের তায়কোয়ানডো বিশেষজ্ঞ উপদেষ্টা ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর কামরুজ্জামান চঞ্চল বলেন, “রাকসুর ক্রিয়া সম্পাদক এর পক্ষ থেকে আমাদের এই বৃক্ষগুলো সরবরাহ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিতে সহযোগিতা করার জন্য রাকসুর ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস খাতুনকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তায়কোয়ানডো ক্লাবের পক্ষ থেকে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।”