জামালপুর

বিলবোর্ডে একাধিক বানান ভুল, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে জনসচেতনতামূলক একটি জনগুরুত্বপূর্ণ প্রচার বিলবোর্ডে জেলার নামসহ একাধিক বানান ভুল লেখা হয়েছে। বেশ কিছুদিন ধরে লাগানো বিলবোর্ডটির ভুল পথচারীদের নজরে এলেও প্রশাসনের দৃষ্টিতে আসেনি। পরে বিলবোর্ডটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

সোমবার (২৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের মূল ফটকের পাশেই বেশ কিছুদিন আগে জনসচেতনতামূলক একটি বড় বিলবোর্ড লাগানো হয়েছে। ‘আমাদের এলাকা শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুলবহির্ভূত শিশু ও মাদকমুক্ত রাখা আমাদের দায়িত্ব’ শিরোনামে বিলবোর্ডটিতে কমলা রঙের বৃত্তের মধ্যে বড় অক্ষরে জামালপুর জেলাকে কেন্দ্র করে শিরোনাম-সংশ্লিষ্ট চারটি কার্টুন ছবি দেখানো হয়েছে।

এর নিচে লেখা রয়েছে, ‘শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুলবহির্ভূত শিশু ও মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য আমরা একসঙ্গে কাজ করব।’ প্রচারে জেলা প্রশাসন, স্থানীয় সরকার ও স্থানীয় জনসাধারণ, জামালপুর। এছাড়াও সহযোগিতায় জামালপুর এরিয়া প্রোগ্রাম, জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ। সার্বিক তত্ত্বাবধানে জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্ক এবং শিশু ও যুব ফোরাম। শিশু সুরক্ষা-সংক্রান্ত টোল-ফ্রি নম্বর ১০৯৮, ১০৯ ও ৯৯৯ যুক্ত করা হয়েছে।

বিলবোর্ডটির সবার ওপরে সরকারি মনোগ্রামের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং স্থানীয় এনজিও উন্নয়ন সংঘের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে।

তবে জনগুরুত্বপূর্ণ এই বিলবোর্ডে যে জেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুলবহির্ভূত শিশু ও মাদকমুক্ত করার ঘোষণা দেওয়া হচ্ছে, সেই জামালপুরের নামের স্থানে লেখা হয়েছে ‘জামারপুর’। এছাড়া ‘শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুলবহির্ভূত শিশু ও মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য আমরা একসঙ্গে কাজ করব’—এই বাক্যে ‘আমরা’ শব্দের স্থানে লেখা হয়েছে ‘আমারা’।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের নজরে ভুল লেখা বিলবোর্ডটি এলেও জেলা প্রশাসনের কারও নজরে বিষয়টি আসেনি। পরে ভুল লেখা বিলবোর্ডের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিলবোর্ডটি প্রশাসনেরও নজরে আসে। পরে সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষ খবর পেয়ে বিলবোর্ডে স্টিকার লাগিয়ে ভুলগুলো সংশোধন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা কয়েকজন জানান, এত সুন্দর ও দৃষ্টিনন্দন বিলবোর্ড সবারই চোখে পড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, প্রিয় জামালপুরকে ঘিরে যে কার্যক্রমগুলোর কথা লেখা হয়েছে, সেই ‘জামালপুর’ বানানই ভুল। বিষয়টি তাদের হৃদয়ে ব্যাপকভাবে আঘাত করেছে। যারা এ ধরনের কার্যক্রম করেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি খানম জানান, স্থানীয় সরকারের নাম ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিলবোর্ড দেওয়া হয়েছে—বিষয়টি তাঁর জানা নেই এবং এ বিষয়ে তাঁর সঙ্গে কেউ কথা বলেননি। সম্ভবত বিলবোর্ডটি উন্নয়ন সংঘের জাহাঙ্গীর সেলিম সাহেব লাগিয়েছেন। তবে এ ধরনের বিলবোর্ড বা প্রচার করতে হলে জেলা প্রশাসন তথা নেজারত শাখার অনুমতি নিতে হয়। তারা অনুমতি নিয়েছে কি না, সেটিও তিনি বলতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত