ফসলের সঙ্গে শত্রুতা

কৃষকের ক্ষেতের সব লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

কুমিল্লার হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের হরিপুর কান্দার চকে বর্গাচাষি সাইদুর মিয়ার লাউক্ষেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে ক্ষেতে গিয়ে এ চিত্র দেখে কান্নায় ভেঙে পড়েন সাইদুর মিয়া। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সাইদুর মিয়ার নিজস্ব কোনো কৃষিজমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। অনেক কষ্ট, শ্রম ও অর্থ ব্যয় করে এবারের লাউক্ষেতটি গড়ে তুলেছিলেন। গাছগুলোতে ফলন আসার ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তদের এমন কর্মকা-ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

সাইদুর মিয়া সাংবাদিকদের মাধ্যমে হোমনা উপজেলা কৃষি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমি সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক।’ হোমনা উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী কৃষকের পাশে উপজেলা কৃষি অফিস থাকবে। তিনি লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হবে। লাউগাছ রোপণের সময় আমি সরেজমিন তার জমি পরিদর্শন করেছিলাম এবং তখন গাছগুলোর ফলনও ভালো দেখেছিলাম। এমন ঘটনা শুনে আমি খুবই ব্যথিত হয়েছি।’

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গত ২০২৫ সালেও একই জমিতে লাউ চাষ করা হয়েছিল। তখনও দুর্বৃত্তরা একইভাবে লাউক্ষেত কেটে নষ্ট করেছিল বলে অভিযোগ রয়েছে। এক বছরের ব্যবধানে একই জমিতে একই ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কৃষকের ফসলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যেন কোনো কৃষক এমন ক্ষতির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।