সরকারের কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পাশাপাশি কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শেরেবাংলা নগরে গতকাল সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে বসেছে ও সরকার গঠন করেছে। জনগণের স্বার্থে, মানবকল্যাণে এবং সামাজিক সুরক্ষাসহ কাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়ন করা হবে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে সেটা জনগণকেও অবহিত করতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দলের নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করলেও সফল হবে না। আমাদের প্রত্যেকটি কাজ এবং সরকারের কর্মসূচিতে প্রধানমন্ত্রী জবাবদিহি নিশ্চিত করেছেন।’ স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না।’ এ সময় বিএনপি নেতা আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।