আজ ২৫ আগস্ট হলিউডের অন্যতম উজ্জ্বল তারকা ব্লেক লাইভলি স্পর্শ করলেন জীবনের চল্লিশ’তম বসন্ত। ১৯৮৭ সালের এই দিনে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন ‘গসিপ গার্ল’ খ্যাত এই অভিনেত্রী। তার দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে কেবল একজন সফল অভিনেত্রী হিসেবেই নয়, বরং একজন দক্ষ প্রযোজক, উদ্যোক্তা এবং ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পর্দার গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত ও কর্মজীবনের নানা বাঁক তাঁকে বরাবরই রেখেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
পারিবারিকভাবেই অভিনয়ের আবহ পাওয়া ব্লেক শৈশবে অভিনয়ের কৌশলগুলো শিখেছিলেন তার বাবা আর্নি লাইভলি ও মা এলেইন লাইভলির কাছ থেকে। অভিনয়কে জীবনের লক্ষ্য হিসেবে না দেখলেও সিনেমা তাঁকে বারবার নিজের দিকে টেনে নিয়েছে। মাত্র ১০ বছর বয়সে বাবার পরিচালিত ‘স্যান্ডম্যান’ দিয়ে শুরু, এরপর ‘দ্য সিস্টারহুড অব দ্য ট্রাভেলিং প্যান্টস’ হয়ে তিনি হয়ে ওঠেন আজকের আন্তর্জাতিক তারকা।
ব্যক্তিগত জীবনে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে তার দাম্পত্য জীবনও ভক্তদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু। ‘গ্রিন ল্যান্টার্ন’ সিনেমার সেটে পরিচয় এবং পরবর্তীতে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি চার সন্তানের মা-বাবা। তাঁদের সম্পর্কের রসায়ন হলিউডের অন্দরমহলে দারুণ জনপ্রিয়। তবে সাফল্যের আলোকচ্ছটার পাশাপাশি ব্লেকের ক্যারিয়ার বিতর্ক থেকেও মুক্ত থাকেনি। বিশেষ করে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমাকে কেন্দ্র করে পরিচালক ও সহশিল্পী জাস্টিন বালডোনির সঙ্গে তাঁর দীর্ঘ আইনি লড়াই হলিউডকে বেশ নাড়িয়ে দিয়েছিল। সেটের কাজের পরিবেশ ও সৃজনশীল দ্বন্দ্ব নিয়ে এই আইনি জটিলতা শেষ পর্যন্ত ২০২৬ সালের মে মাসে সমঝোতার মাধ্যমে মিটে গেলেও এর রেশ এখনো বিনোদন জগতের আলোচনায় রয়ে গেছে।
ব্যবসায়িক ক্ষেত্রেও ব্লেক সমানভাবে সক্রিয়। ‘বেটি বাজ’-এর মতো নন-অ্যালকোহলিক পানীয় ব্র্যান্ডের মাধ্যমে তিনি উদ্যোক্তা হিসেবে নিজের স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি টেইলর সুইফটের মিউজিক ভিডিও পরিচালনার মাধ্যমে নতুন আঙ্গিকে নিজের সৃজনশীলতা প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ব্যক্তিগত ও যৌথ সম্পদের বিচারে তিনি বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী তারকা দম্পতির একজন। ব্লেক লাইভলির পথচলা কেবল ক্যামেরার সামনের অভিনয় দিয়ে পরিমাপ করা অসম্ভব। তিনি বারবার প্রমাণ করেছেন, গ্ল্যামারের বাইরেও নিজের ব্র্যান্ড ও সত্তা তৈরি করতে তিনি কতটা বদ্ধপরিকর। ক্যারিয়ারের প্রতিটি ধাপে বিতর্ক ও সাফল্যের দোলাচলে ব্লেক লাইভলি আজও হলিউডের এক অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব।