মস্কোয় মঙ্গলবার (২৫ আগস্ট) একটি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণের পর এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিমানটি কেন রাশিয়ায় গেছে এবং এতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। খবর এনবিসি নিউজ।
বিমানটির বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
বিমানটির মিশন সম্পর্কে জানতে মার্কিন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি হোয়াইট হাউস, মস্কোয় মার্কিন দূতাবাস এবং ওয়াশিংটনে রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বোয়িং সি-১৭এ গ্লোবমাস্টার-৩ বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার কিছু পর মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যায়। এর প্রায় দুই ঘণ্টা আগে বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে উড্ডয়ন করেছিল।
ট্র্যাকিং তথ্য বলছে, বিমানটি রোববার স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে যাত্রা শুরু করে।