গভীর সমুদ্র থেকে ১২ জেলেকে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার নৌযানসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে ১২ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় ‘এফভি মায়ের দোয়া’। সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে পৌঁছানোর পর নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে নৌযানটি।

পরদিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌযানটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে তার মালিককে বিষয়টি জানান। পরে নৌযানের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। 

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত গভীর সমুদ্রে অভিযান শুরু করে। পরে বিকল নৌযানসহ ১২ জেলেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পরে নৌযানসহ জেলেদের মালিকের কাছে হস্তান্তর করা হবে। সাগরে জেলে ও নাবিকদের নিরাপত্তায় কোস্ট গার্ডের এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।