খুলনা নগরীর মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় খুলনা-কুষ্টিয়া রুটের গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় মোসাম্মাৎ হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি খালিশপুর থানাধীন মুজগুন্নি ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গৃহস্থালি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গড়াই পরিবহন বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
কেএমপির খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, গড়াই পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।