৫ উইকেটের দ্রুতপতনে প্রথম হার এইচপির

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক জয়ের পর পরাজয়ের তেতো স্বাদ পেল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১৫তম ম্যাচে অ্যাডিলেড স্টাইকার্স একাডেমির কাছে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় ২১ রানে হেরে গেছে ইরফান শুক্কুুরের দল। 
টস জিতে অ্যাডিলেড স্টাইকার্স একাডেমির ওপেনার টমাস কেলি ২০ বলে ৩৮ এবং টপ অর্ডারে হেনরি হান্ট ২৯ বলে ৩৫ রান করে তাদের শক্ত ভিত গড়ে দেন। শেষ দিকে নোয়া ম্যাকফ্যাডেনের ২৮ বলে ৩১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে তারা।

বাংলাদেশ এইচপির হয়ে বল হাতে আলো ছড়ান আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ রুবেল। সাকলাইন ২১ রান দিয়ে ৪টি এবং রুবেল ৩০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। টুর্নামেন্টে চার ম্যাচে রুবেলের শিকার দাড়ালো ১৪। 

১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ধাক্কা খায় এইচপি। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন জিসান আলম। এরপর হাবিবুর রহমান সোহান এবং আরিফুল ইসলাম ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। আরিফুল একপ্রান্ত আগলে রেখে ৫টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানের ইনিংস খেললেও বাকি ব্যাটাররা ছিলেন চরম ব্যর্থ। সোহান ১৮, সাব্বির রহমান (৮), অধিনায়ক ইরফান শুক্কুর (৭) এবং শামীম হোসেন (১৮) দ্রুত বিদায় নিলে মিডল অর্ডার ভেঙে পড়ে। এরপর শেষের দিকে অ্যাডিলেড বোলার ল্যাচলান ব্যাংসের তোপের মুখে পড়ে ১৮তম ওভারে মাত্র ২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় এইচপি। ৯ উইকেটে ১৪৩ রানে শেষ হয় তাদের ইনিংস।

অ্যাডিলেড স্টাইকার্স একাডেমির ল্যাচলান ব্যাংস ২৯ রানে ৪টি এবং ওয়াহেগুরু ধিলন ১৫ রানে ২টি উইকেট নিয়ে এইচপির ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।

সংক্ষিপ্ত স্কোর

অ্যাডিলেড স্টাইকার্স একাডেমি: ১৬৪/৯ (২০ ওভার) (টমাস কেলি ৩৮, হেনরি হান্ট ৩৫ (২৯), গাফফার সাকলাইন ৪/২১, মোহাম্মদ রুবেল ৩/৩০)। 
বাংলাদেশ এইচপি একাদশ:  ১৪৩/৯ (২০ ওভার) (আরিফুল ইসলাম ৬৬, হাবিবুর রহমান সোহান ২৩
ল্যাচলান ব্যাংস ৪/২৯)।