জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। প্রথম লংমার্চ রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। এ কর্মসূচি চলাকালে পথে অনেকগুলো পথসভা করবে তারা। গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। লংমার্চ নিয়ে নিজেদের প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে সমবেত হবেন নেতাকর্মীরা। সেখান থেকে তারা চট্টগ্রামের লালদীঘির ঐতিহাসিক ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করবেন এবং রাত ১০টা থেকে ১১টায় সেখানে পৌঁছাবেন। কর্মসূচি চলাকালে অন্তত ছয়-সাতটি পয়েন্টে জোটের শীর্ষ নেতারা পথসভা করবেন। ছয়টি প্রধান দাবিকে লংমার্চের পোস্টার, লিফলেট, প্রচারণায় স্থান দেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস, দেশ ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, প্রশাসনের সর্বস্তরকে দলীয়করণমুক্ত করা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, এরই মধ্যে লংমার্চের প্রস্তুতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৯টি জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে বৈঠকও সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সীগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম মহানগরী ও জেলা সংশ্লিষ্ট ৯টি শাখাকে এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব শাখার আমির ও নেতারা, ইসলামী ছাত্রশিবিরের নেতারা এবং শ্রমিক নেতারা লংমার্চ প্রস্তুতির বৈঠকে অংশ নিয়েছেন।
লংমার্চের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বিভিন্ন বিভাগ করা হয়েছে জনিয়ে গোলাম পরওয়ার বলেন, এই রোডমার্চের ডিসিপ্লিন সম্পর্কে অনেকগুলো বিভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভ্যর্থনা, মেডিকেল ও পরিবহন বিভাগ। এ ছাড়া প্রচার-প্রকাশনা বিভাগ, আইটি, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক, নিরাপত্তা, প্রশাসনিক যোগাযোগ, চিকিৎসা এবং পরিবহন বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এসব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে সমন্বয় সভাও হয়েছে।
সেক্রেটারি জেনারেল আরও জানান, ১১ দল ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির শিডিউল পুলিশকে লিখিতভাবে দেওয়া হয়েছে। এ ছাড়া লংমার্চ ঘিরে জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে আগাম ক্ষমা চাওয়া হয়েছে। এই লংমার্চ সফল করতে দেশ-জাতি-গণতন্ত্রের স্বার্থে যাদের একটু কষ্ট হবে, যানজট হবে, ভোগান্তি যদি হয়, জামায়াতের পক্ষ থেকে তাদের কাছে আগাম ক্ষমা চান গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।