পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ : টিআইবি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩০ এএম

দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাল্টা প্রশ্ন করাকে ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ অসাংবিধানিক। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকাবস্থায় টেকনোক্র্যাট কোটায় তার নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান প্রকাশ না করে প্রতিমন্ত্রীর পদ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন।

টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও সংশ্লিষ্ট দেশের সক্রিয় রাজনীতিতে তার সম্পৃক্ততার তথ্য প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংবিধানের ৫৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য নন এমন ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে হলে তাকে সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হবে। আবার ৬৬ (২) (গ) অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী বা আনুগত্য স্বীকারকারী ব্যক্তি সংসদ সদস্য হওয়ার অযোগ্য। একই সঙ্গে ৬৬ (২ ক) অনুচ্ছেদে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে।’

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে গত শুক্রবার শপথ নেওয়া হুমায়ুন কবির শৈশব থেকে যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন। তিনি সে দেশের নাগরিক বলে যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ (রিনাউন্স) করেছেন কি না, তা তারা নিশ্চিত করতে পারেননি।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেন ‘কে এটা নিউজ করেছে?’ তিনি বলেন, ‘কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’

টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, সঠিক তথ্য জনস্বার্থে প্রকাশের লক্ষ্যে সংবাদকর্মীর প্রশ্নের উত্তরে ‘কে নিউজ করছে’, ‘কার এত জ্বালা’ বলে পাল্টা প্রশ্ন করা পতিত কর্র্তৃত্ববাদী আমলের ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চার প্রতিফলন। তিনি বলেন, সংবাদটি কে করেছে বা কে প্রশ্ন তুলেছে, তা এখানে মূল বিষয় নয়; মূল প্রশ্ন হলো প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তার বিদেশি নাগরিকত্ব বহাল ছিল কি না। এমন একটি সুস্পষ্ট সাংবিধানিক ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া তার (প্রতিমন্ত্রীর) দায়িত্ব। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ কেন্দ্র করে। তাই এর আন্তর্জাতিক মাত্রা এবং বাংলাদেশের জন্য অনাকাক্সিক্ষত ও বিব্রতকর বিতর্কের ঝুঁকিও উপেক্ষা করার সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত