দুই দশক পর সিক্যুয়েলে ফের কেট-ম্যাথিউ

হলিউডের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’-এর সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেছে প্যারামাউন্ট। দীর্ঘ ২৩ বছর পর এই ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন কেট হাডসন ও ম্যাথিউ ম্যাককনাহে। নতুন কিস্তিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন খোদ কেট হাডসন।

২০০৩ সালে মুক্তি পাওয়া মূল ছবিতে ম্যাগাজিন লেখক অ্যান্ডি ও বিজ্ঞাপন কর্মকর্তা বেনের ১০ দিনের বিপরীতমুখী চ্যালেঞ্জ নিয়ে জমে উঠেছিল গল্প। বিশ্বজুড়ে ১৭৫ মিলিয়ন ডলারের বেশি আয় করা ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে ২০০৮ সালে ‘ফুলস গোল্ড’ ছবিতেও কাজ করে এই জুটি।

বর্তমানে সিক্যুয়েলটির গল্প ও চিত্রনাট্য রচনার কাজ একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। মূল চরিত্র দুটিকে কেন্দ্র করে গল্পটি এবার কোন মোড় নেয়, তা দেখতেই নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা।