হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি দেওয়া দুটি পৃথক চালানে প্রায় দুই কোটি সাত লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ ল্যাপটপ, ট্যাবলেট, আইপ্যাড ও গাড়ির যন্ত্রাংশ আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।
কাস্টমস সূত্র জানায়, সরদার গ্লোবাল ট্রেড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এবং তাদের খালাসকারী প্রতিনিধি প্রতিষ্ঠান ফাহিম ফাইভ স্টার লিমিটেডের মাধ্যমে পণ্যগুলো দেশে আনা হয়। গোপন খবরের ভিত্তিতে গত ১৩ আগস্ট চালান দুটির খালাস কার্যক্রম স্থগিত করে গোয়েন্দা সংস্থাটি। পরে গত ২৩ আগস্ট প্রতিনিধি দলের উপস্থিতিতে পণ্যগুলোর কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়।
চালান দুটিতে আমদানিকারক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে পণ্যের আমদানি মূল্য মাত্র সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার ঘোষণা করেছিল। তবে কায়িক পরীক্ষা ও পর্যালোচনার পর কাস্টমস কর্মকর্তারা চালান দুটির প্রকৃত আনুমানিক মূল্য নির্ধারণ করেন ১ লাখ ৬৭ হাজার ৭৮৬ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি সাত লাখ টাকা।