টানা দরপতনের কবলে আছে, দেশের শেয়ারবাজার। গতকাল মঙ্গলবারও ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই সূচকের পতন হলো। সূচকের পাশাপাশি লেনদেনের গতিও কমেছে।
গতকালকের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে টাকার পরিমাণ ৫০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে, যা চলতি বছরের ৬ এপ্রিলের পর সর্বনিম্ন। তবে মূল্যসূচক ও লেনদেন কমলেও ডিএসইতে দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বেশি। তবে সিএসইতে বিপরীত চিত্র দেখা গেছে। সেখানে দাম কমার তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি।
দিনের লেনদেন শেষে ডিএসই ১৭৫টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬০১ কোটি ৯৭ লাখ টাকা।