ম্যানহোল থেকে মাথা তুলতেই গাড়িচাপা ওয়াসাকর্মীর মৃত্যু

ম্যানহোলে কাজ করার সময় মাথা তোলা মাত্রই গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ঢাকা ওয়াসার কর্মী শামীম। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় পানির লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে ওয়াসার ওই কর্মী ড্রেনে ঢুকে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই অপরাধী শনাক্ত করা সম্ভব হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহত শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।