খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

‘হাতকাটা’ কাশেম রিমান্ডে                

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে  রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করে। গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। পর দিন তাকে  কারাগারে পাঠায় আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে কারওয়ানবাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।