দুজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি ও সংযুক্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১১ জন পুলিশ সুপার পদমর্যাদার (এসপি) কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে একযোগে এই বদলি ও সংযুক্তি করা হয়েছে। পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। আর এপিবিএনের পুলিশ সুপার শাহাদাত হোসেনকে পিবিআইতে, মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপিতে, এসবির পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইতে, আরএমপির উপকমিশনার আবদুর রহমানকে পিবিআইতে, পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেনকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এসএম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার এসএম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের (টিআর) পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীন ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। আর সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।