মাধবপুরে অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পশ্চিম বাজারের মোবারক ম্যানশনে অবস্থিত ‘সুমন ক্লথ স্টোর’-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক খোরশেদ আলম সুমন জানান, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে তার মোবাইল ফোনে কল করে দোকানে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাসা থেকে ঘটনাস্থলে গিয়ে দোকানে ভয়াবহ আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

অগ্নিকাণ্ডে দোকানে থাকা বিভিন্ন ধরনের কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে দোকানের ভেতরে পুড়ে যাওয়া কাপড় ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। দোকান মালিক খোরশেদ আলম সুমনের দাবি, অগ্নিকাণ্ডে তার প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান, অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।