নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষা বেস্টনি উপড়ে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয়রা কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বর্ধনে চলতি মাসের ৫ আগস্ট ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার থাকা অবস্থায় গাছ লাগানোর উদ্যোগ নেন। এর অংশ হিসেবে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আর এই চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা মঙ্গলবার রাতের আঁধারে কে বা কারা উপড়ে ফেলে যায়। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
এব্যাপারে কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। একটি মহল তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।